পাকিস্তানে আগামী বৃহস্পতিবার জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। তবে প্রেসিডেন্ট নয়, এই অধিবেশন ডেকেছে জাতীয় পরিষদ সচিবালয়।
কর্মকর্তারা বলছেন, প্রেসিডেন্ট আরিফ আলভি অধিবেশন আহ্বান না করায় জাতীয় পরিষদ সচিবালয় এই অধিবেশন ডেকেছে।
পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী নির্বাচনের ২১ দিনের মধ্যে অধিবেশন আহ্বান করার কথা। সেই হিসেবে আগামী বৃহস্পতিবারের (২৯ ফেব্রুয়ারি) মধ্যেই অধিবেশন আহ্বান করতে হতো।
প্রেসিডেন্ট আরিফ আলভি ছিলেন ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা। ২০১৮ সালের আগস্টে ইমরান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। পরের মাসে পিটিআই মনোনীত প্রার্থী হিসেবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন আরিফ আলভি। মেয়াদ শেষ হলেও পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।
জাতীয় পরিষদ সচিবালয় বলছে, নির্বাচন হওয়ার পর ২১তম দিনে অধিবেশন ডাকার জন্য প্রেসিডেন্ট বা স্পিকারের অনুমতির প্রয়োজন হয় না।
এর আগে কয়েকটি সূত্র জিও নিউজকে জানিয়েছিল, জাতীয় পরিষদের বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ নতুন অধিবেশন ডাকার ‘সিদ্ধান্ত’ নিয়েছেন। সাংবিধানিক সংকট বাড়তে থাকায় তিনি ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে যাচ্ছেন।
পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) নির্বাচনে জয়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংখ্যানুপাতিক হারে জাতীয় পরিষদের সংরক্ষিত ৭০টি আসন বণ্টন করে দেওয়ার কথা। এই আসন পেতে পিটিআই-সমর্থিত জয়ী স্বতন্ত্র প্রার্থীরা ইতিমধ্যে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে (এসআইসি) যোগ দিয়েছেন। কিন্তু এসআইসি সংরক্ষিত আসন পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

০ Comments