চট্টগ্রাম হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের সিলিকন সিটি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সরাসরি বিদেশি বিনিয়োগ বিলিয়ন ডলারের বেশি আকর্ষণ; যার অর্ধেক চট্টগ্রাম থেকেই আয় করা সম্ভব বলে প্রত্যাশার কথা জানালেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী পলক চান্দগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ৫ হাজার স্কয়ার ফুট জায়গা স্টার্টআপদের জন্য দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, যেসব স্টার্টআপ জায়গা বরাদ্দ পাবে, তারা প্রথম ছয় মাস ফ্রিতে কাজ করার সুযোগ পাবে। পরবর্তী সময়ে পারফরম্যান্স মনিটরিং কমিটির মাধ্যমে যাচাইপূর্বক আরও ছয় মাস ফ্রিতে কার্যক্রম পরিচালনা করতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, হাই-টেক পার্ক, ইপিজেড, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যদি কোনো ফ্রিল্যান্সার উদ্যোক্তা হতে পারে, তাহলে তারা অন্যদেরও কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে পারবে। প্রয়োজনে স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড থেকে ৫ লাখ থেকে
৫ কোটি টাকা পর্যন্ত ইকুইটি ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে। রাইট সিলেকশন, রাইট মনিটরিং, রাইট সুপারভিশন ও ইনকিউবেশনের ওপরই সবকিছু নির্ভর করছে। চট্টগ্রাম থেকে কোনো মেধাবী, উদ্ভাবনী তরুণ-তরুণী যদি উদ্যোক্তা হতে চায়, তাদের যত ধরনের সহযোগিতা প্রয়োজন সরকার, একাডেমিক ও ইন্ডাস্ট্রি মিলে যৌথভাবে তা নিশ্চিত করবে। আইসিটি খাতে এখন ১ দশমিক ৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় হচ্ছে। ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আগামী পাঁচ বছরে সংশ্লিষ্ট খাতে
৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় ও নতুন ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রতিমন্ত্রী বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ইতোমধ্যে তিনটি উপহার দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রথমত, ১০০ কোটি টাকা ব্যয়ে চুয়েটে ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’ সেন্টার নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে যেখানে ১০টি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও ২৫টি স্টার্টআপকে বিনামূল্যে স্থান বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয়ত, চান্দগাঁওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (৮ আইটি প্রকল্প) ও তৃতীয়টি চান্দগাঁওয়ে নলেজ পার্ক (১২ আইটি প্রকল্প) উদ্যোগ অন্যতম।
উদ্যোগের বিষয়ে বক্তব্য দেন দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ, সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) সভাপতি মো. আব্দুল্লাহ ফরিদ।

০ Comments