বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

by | ফেব্রু ২৭, ২০২৪ | সারাদেশ | ০ comments

সখীপুরে বাবা আবদুস সামাদকে (৫৫) হত্যার অভিযোগ উঠেছে ‘মাদকাসক্ত’ ছেলের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে সোমবার নিহত ব্যক্তির ভাই আবদুর রশিদ (৫০) বাদী হয়ে অভিযুক্ত ছেলেকে একমাত্র আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।

মামলার আসামি নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী (২৮)। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। আবদুস সামাদ দাড়িপাকা গ্রামের মৃত ছলিম মাতাব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওয়াহেদ মাদকাসক্ত ছিল। রোববার বিকেলে সে তার মাকে মারধর করলে তিনি বাড়ি থেকে চলে যান। এ সময় ওয়াহেদ ও তার বাবা আবদুস ছামাদ বাড়িতে ছিলেন। রাত ১০টার দিকে মেয়ের জামাই বাড়িতে এসে রান্নাঘরে শ্বশুর আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মামলার বাদী নিহত আবদুস সামাদের ছোট ভাই আবদুর রশিদ বলেন, ‘মাদকাসক্ত ওয়াহেদ আমার বড় ভাইকে খুন করেছে। বিকেলে ভাবিকে (ওয়াহেদের মা) মারধর করলে বাড়ি থেকে চলে যান তিনি। সে সুযোগে বড় ভাইকে হত্যা করেছে ওয়াহেদ।’

মামলার তদন্ত কর্মকর্তা ও থানার এসআই সুকান্ত রায় বলেন, নিহত ব্যক্তির মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। খুনে অভিযুক্ত ছেলে ওয়াহেদ আলীকে গ্রেপ্তারে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *