বিয়ের ব্যস্ততায় বিপিএল দেখা হয়নি মিলারের 

by | ফেব্রু ২৭, ২০২৪ | খেলা | ০ comments

দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। বিয়ের ঘোষণা গত বছরের আগস্টেই দিয়েছেন তিনি। হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার পর সাড়া দেন প্রেমিকা কামিলা। 

তবে বিয়েটা এখনও করা হয়ে ওঠেনি ৩৪ বছর বয়সী মিলারের। বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা। যে কারণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে বাঁ-হাতি এই বিধ্বংসী ব্যাটারের। ওই কারণে বিপিএলসহ কোন খেলাই তার সম্প্রতি দেখা হয়নি। 

ক্রিকেট থেকে সাময়িক ছুটি নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে আসা এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। রোববার ঢাকা পৌঁছে বরিশালের অনুশীলনে যোগ দেওয়া মিলার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি কোন খেলাই দেখিনি। ক্ষণিকের জন্য ছুটি নিয়েছিলাম। আমি দ্রুতই বিয়ে করতে যাচ্ছি, যে কারণে প্রস্তুত হওয়া নিয়ে ব্যস্ত সময় পার করতে হচ্ছে।’ 

তবে ক্রিকইনফোতে স্কোর বোর্ড ও পয়েন্ট টেবিলে নজর ছিল বলেও জানিয়েছেন এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলা মিলার, ‘আমার ফোনে ক্রিকইনফোয় ঢুকে খোঁজ-খবর রাখতাম। পয়েন্ট টেবিলে বরিশাল কী অবস্থায় আছে তাতে নজর রাখতাম।’ 

সোমবার ফরচুন বরিশাল এলিমিনেটরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে। মিলার ওই একটা ম্যাচ ধরেই বিপিএল খেলতে এসেছেন। তবে ওই ম্যাচ জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবেন তিনি। বরিশাল ফাইনালে উঠলেও তাকে পাওয়া যাবে। আর চট্টগ্রামের বিপক্ষে হারলে এক ম্যাচেই শেষ হবে মিলারের এবারের বিপিএল যাত্রা। 

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *