ডব্লিউটিও সম্মেলনের সময় বাড়লো ১ দিন

by | ফেব্রু ২৯, ২০২৪ | অর্থনীতি | ০ comments

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন গত সোমবার শুরু হয়। চার দিনব্যাপী সম্মেলন বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। কিন্তু বেশ কিছু ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে পারেনি সদস্য দেশগুলো। তাই সম্মেলনের সময় একদিন বাড়ানো হয়েছে। 

ইস্যুগুলোর মধ্যে সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহকে ভর্তুকির বাইরে রাখা, বিনিয়োগ সম্প্রসারণে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট চুক্তি এবং ডিজিটাল ট্রানজেকশনের উপর কর আরোপ করা অন্যতম। 

আগামীকাল শুক্রবার নেগোসিয়েশন সম্পন্ন হলে এর পর যে কোনো সময় ডব্লিউটিও মহাপরিচালক সমাপনি সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে। 

ডব্লিউটিওর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের এবারের সম্মেলনে ১৬৪টি দেশের বাণিজ্যমন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর নেতৃত্বে ৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এবারের সম্মেলনে অংশ নিচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ প্রতিনিধি দলে রয়েছেন। 
বাংলাদেশ এলডিসিভুক্ত ও অন্যান্য উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার ব্যাপারে সবসময় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। এলডিসি থেকে উত্তরণের পরও শুল্কমুক্ত বাজার সুবিধা, এবং মেধাস্বত্ব সংক্রান্ত অব্যাহতি বহাল রাখার বিষয়ে বাংলাদেশ জোর দিচ্ছে।

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *